Ridge Bangla

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১২৮টি ফ্লাইটে ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে এসব যাত্রী জেদ্দা ও মদিনায় অবতরণ করেন।

শনিবার (৯ মে) সকাল ১০টা পর্যন্ত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী এ সংখ্যা নিশ্চিত করা হয়। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, হজযাত্রী পরিবহন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত ১২ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তারা মক্কা ও মদিনায় মৃত্যুবরণ করেন। একই সঙ্গে সৌদি মেডিকেল টিম ১৮ হাজার ৯৮৭ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ১৩ হাজার ১১ জন সেবা পেয়েছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে।

এয়ারলাইন্সভিত্তিক তথ্যে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৬৩ জন, সৌদি এয়ারলাইন্স ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৯২ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন যাত্রী পরিবহন করেছে।

হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

This post was viewed: 7

আরো পড়ুন