অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান। সৌদি আরবে ৫ হাজার ৫০০ জনের বেশি পাকিস্তানি নাগরিক ভিক্ষাবৃত্তির অভিযোগে আটক হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে।
সোমবার পাকিস্তানের পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক আলোচনায় এসব তথ্য জানান তালাল চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্র সৌদি আরব যখন ৫ হাজার ৫০০ ভিক্ষুককে ধরে আমাদের বলে, তাদের আপনারা পাঠিয়েছেন, তখন আমাদের কী করার থাকে? একইভাবে সংযুক্ত আরব আমিরাত যখন এই ভিক্ষুকদের নিয়ে আমাদের কাছে প্রশ্ন তোলে, তখন আমরা কী জবাব দেব?’
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক পাকিস্তানি প্রবাসী কাজ করেন। তাঁদের পাঠানো অর্থ পাকিস্তানের বৈদেশিক আয়ের অন্যতম বড় উৎস। তবে এসব দেশে সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্র ও অবৈধ অভিবাসন কার্যক্রম দেশটির ভাবমূর্তির জন্য বড় সমস্যা তৈরি করছে। এ কারণে আঞ্চলিক অংশীদার দেশগুলোর কাছ থেকেও পাকিস্তানকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনার সময় পাকিস্তানের নাগরিকত্ব ব্যবস্থার বিষয়েও কথা বলেন তালাল চৌধুরী।
তিনি জানান, বর্তমানে বিশ্বের ২৩টি দেশের সঙ্গে পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব চুক্তি রয়েছে। আরও ৫টি দেশের সঙ্গে একই ধরনের চুক্তির প্রক্রিয়া চলছে।
বর্তমানে অর্থনৈতিক চাপ, উগ্রপন্থী হামলা বৃদ্ধি এবং অভিবাসন ইস্যুতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর উদ্বেগ- সব মিলিয়ে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে পাকিস্তান। এসব পরিস্থিতির কারণে সন্ত্রাসবাদ দমন ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি পরিচালনা করছে ইসলামাবাদ।