Skip to main content

Ridge Bangla

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার, দেশে ফেরত ১২ হাজারের বেশি

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জন অভিবাসীকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৭৫৯ জন, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৪৮৮ জন এবং শ্রম আইনসংক্রান্ত অপরাধে ৩ হাজার ৩৪৪ জন রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬২৯ জনকে আটক করা হয়েছে।

একই সময় আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ২৯২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসনের আগে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ১৬ হাজার ৯১২ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৪ হাজার ১৭৪ জনকে ভ্রমণের টিকিট বা বুকিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ হাজার ৪৪৫ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে। তাদের মধ্যে ২৫ হাজার ৪১২ জন পুরুষ এবং ২ হাজার ৩৩ জন নারী।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৮ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় আবাসন ও কর্মসংস্থানসংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদি আরবে বসবাসকারী ১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী কর্মরত রয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমে নিয়মিতই অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে অভিযান এবং গ্রেপ্তারের খবর প্রকাশিত হচ্ছে।

This post was viewed: 15

আরো পড়ুন