পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদ দেখা গেলে পরদিন থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং সে অনুযায়ী নির্ধারিত হবে পবিত্র ঈদুল আজহার তারিখ।
এদিকে দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এজন্য কয়েকটি নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।