Ridge Bangla

সোনারগাঁয়ে প্রায় দুই মণ ওজনের কাঁঠাল বিক্রি ১০ হাজার টাকায়

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে প্রায় দুই মণ ওজনের একটি বিশাল আকৃতির কাঁঠালকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েক দিন ধরে উৎসুক মানুষের ভিড়ের পর শেষ পর্যন্ত কাঁঠালটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার সকালে পশ্চিম সনমান্দি গ্রামে কাঁঠালের মালিক মোবারক মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির কাঁঠালটি দেখতে স্থানীয়দের ভিড় লেগেই আছে। কেউ ছবি তুলছেন, আবার কেউ কাঁঠালটির আকার ও ওজন নিয়ে আলোচনা করছেন। স্থানীয়দের দাবি, কাঁঠালটির ওজন প্রায় দুই মণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ এলাকায় এত বড় কাঁঠাল আগে খুব একটা দেখা যায়নি। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এটি দেখতে আসেন। পরে স্থানীয় ব্যবসায়ী নজরুল ১০ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন।

কাঁঠালের মালিক মোবারক মিয়া বলেন, কাঁঠালটি তাঁর বাগানের গাছেই ধরেছিল। শুরুতে এটি এত বড় হবে বলে ধারণা ছিল না। পরে মানুষ দেখতে আসতে শুরু করলে বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করে। অনেকেই কাঁঠালটি কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত তিনি ১০ হাজার টাকায় এটি বিক্রি করেন।

ক্রেতা নজরুল বলেন, জীবনে এত বড় কাঁঠাল খুব কমই দেখেছেন। ব্যতিক্রমী হওয়ায় তিনি কাঁঠালটি কিনেছেন। তাঁর ভাষ্য, এটি শুধু একটি ফল নয়, এলাকার মানুষের আগ্রহেরও একটি বিষয় হয়ে উঠেছে।

সনমান্দি গ্রামের বাসিন্দা আমিন মিয়া বলেন, এত বড় কাঁঠাল এ অঞ্চলে সচরাচর দেখা যায় না। এর ওজন ও আকৃতি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। এমন একটি বিরল কাঁঠাল কাছ থেকে দেখতে পেরে সবাই আনন্দিত।

ছনকান্দা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে কাঁঠালটি দেখতে এসেছেন। কাছ থেকে দেখে তিনি বিস্মিত হয়েছেন। তাঁর মতে, ছবিতে যতটা বড় মনে হয়েছে, বাস্তবে কাঁঠালটি তার চেয়েও বড়। এমন কাঁঠাল তিনি এ এলাকায় আগে দেখেননি।

This post was viewed: 2

আরো পড়ুন