Skip to main content

Ridge Bangla

সোনারগাঁওয়ে অবৈধ ছাপাখানায় অভিযান ২০ লাখ টাকার গাইড বই জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পরিচালিত একটি ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাইড বই ও ছাপানোর সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের চার হাজার কপি বিভিন্ন শ্রেণির গাইড বই উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে কাচপুর বেহাকৈর এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ভবনের ভেতরে অনুমোদন ছাড়াই গাইড বই ছাপানোর কার্যক্রম চলতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বই ছাপানোর কাজে ব্যবহৃত মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বনামধন্য প্রকাশনীর নাম ব্যবহার করে অবৈধভাবে গাইড বই ছাপিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এর ফলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

অভিযানকালে ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধভাবে পরিচালিত এ ছাপাখানা থেকে বিপুল পরিমাণ বই ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় কপিরাইট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে।

This post was viewed: 44

আরো পড়ুন