চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে। পর্যায়ক্রমে এসব নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, কোন নির্বাচন আগে হবে তা বাজেট প্রাপ্তির ওপর নির্ভর করবে। তবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানান তিনি।
মীর শাহে আলম আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও গতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে। নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব নির্বাচন সম্পন্ন করা গেলে স্থানীয় সরকার কাঠামো আরও শক্তিশালী হবে এবং জনগণের অংশগ্রহণও বৃদ্ধি পাবে।