Skip to main content

Ridge Bangla

সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) তিনি সেনাসদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পর্বের এ পদোন্নতি পর্ষদের কার্যক্রম শুরু করেন।

এই পর্ষদের আওতায় কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসারদের মধ্যে যোগ্যদের পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের শহীদ, বীর সেনানী এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় নিহত ও আহত সেনাসদস্যদের স্মরণ করেন। একইসঙ্গে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পদোন্নতি পর্ষদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, “পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা এবং নিযুক্তির জন্য উপযুক্ততা—এই ভিত্তিতেই যোগ্য অফিসারদের নির্বাচন করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “নৈতিকতা ও পেশাদারিত্বে অটুট এমন অফিসারদেরই উচ্চ পদে দায়িত্ব দেওয়া উচিত। রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থেকে শুধু যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বকে অগ্রাধিকার দিতে হবে।”

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদানের জন্য তিনি সেনাবাহিনীর সকল সদস্য, বিশেষ করে সেনাপ্রধানকে ধন্যবাদ জানান।

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, চিফ অব জেনারেল স্টাফ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে স্বাগত জানান। সেনাপ্রধান প্রধান উপদেষ্টার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্মৃতি সংরক্ষণ করেন।

This post was viewed: 63

আরো পড়ুন