বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৮ অক্টোবর) সেনাসদরে এই সাক্ষাৎ করেন।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করে।
এ সময় উভয় পক্ষ যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শন কর্মসূচির মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
এর আগে, গত ২৫ অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল সাহির শামশাদ মির্জা। সে সময় তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব, এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”