বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।
শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে নির্বাচন পরিচালনা ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে সেনাপ্রধানকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই। তাই সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে, এসব ভুয়া প্রচারণায় বিভ্রান্ত না হয়ে বিশ্বস্ত সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করতে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে সবসময় সংবিধান ও রাষ্ট্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা প্রচারণা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই করা হচ্ছে।
ওই পোস্টে সেনাপ্রধানকে ঘিরে নির্বাচন সংক্রান্ত ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট সংযুক্ত করা হয়, যা বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। সেনাবাহিনী দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। তাই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্টে উদ্দেশ্যমূলক অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।