বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে, যিনি ‘মন্টো’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ ও ‘সেক্রেড গেমস’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন, সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। রুটিন চেকআপের সময় তার গ্রেড–১ ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা ধরা পড়ে এবং ইতোমধ্যে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
ইনস্টাগ্রামে নিজেই বিষয়টি জানিয়ে রাজশ্রী বলেন, শুরুতে তিনি ভয় পেলেও পরে সাহস করে বাবা–মাকে বিষয়টি জানান। সৌভাগ্যবশত ক্যানসারটি খুব প্রাথমিক অবস্থায় ধরা পড়ায় চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে। অস্ত্রোপচার ও নানা পরীক্ষার অভিজ্ঞতাকে তিনি “রোলারকোস্টার যাত্রা” বলে উল্লেখ করলেও পরিবারের ভালোবাসা ও সবার সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং দ্রুত বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন।
তার পোস্টের পর ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে দ্রুত আরোগ্য কামনা করে ভালোবাসা ও প্রার্থনা জানিয়েছেন।
রাজশ্রী দেশপাণ্ডে ২০১২ সালে ‘তালাশ’ ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। পরে ‘কিক’, ‘মম’, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘মন্টো’ ও ‘জোরাম’-এর মতো ছবিতে এবং ‘সেক্রেড গেমস’, ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেন।