বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ইতোমধ্যে পুনঃনির্ধারণ করে প্রকাশ করা হয়েছে।
শনিবার সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনের স্বাক্ষরিত পুনঃতফসিলে এ তথ্য জানানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায়।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩ মে বিকেল ৫টা পর্যন্ত। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবারের নির্বাচনে মোট ১৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সাধারণ সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং সদস্য পদে ৭টি পদ।