Ridge Bangla

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ দুই বনদস্যু আটক, জিম্মি তিন জেলে উদ্ধার

সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বনদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পৃথক অভিযানে দস্যুদের কাছে জিম্মি তিন জেলেকেও উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খুলনার দাকোপ উপজেলার বাইনতলা খাল এলাকায় শুক্রবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন বাগেরহাটের শরণখোলার সোহাগ হাওলাদার (৩৫) ও খুলনার পাইকগাছার বাবুল সানা (৪২)। তারা ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা ও ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এ সময় তাদের আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়।

এদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হোগলডরা খাল এলাকায় আরেকটি অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়। গত ৩১ মার্চ একটি নৌকাসহ তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানা গেছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)।

This post was viewed: 19

আরো পড়ুন