Ridge Bangla

সুন্দরবনে কুখ্যাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধান গ্রেপ্তার

সুন্দরবনে দীর্ঘদিন ধরে সক্রিয় কুখ্যাত দস্যু ‘রাঙ্গা বাহিনীর’ প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবনের কালাবগি এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ আজ দুপুরে মোংলায় এক সংবাদ সম্মেলনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক নজরুল শেখের (৪৮) বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলায়।

লেফটেন্যান্ট খালিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রাঙ্গাকে আটক করা হয়। তাঁর কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, নজরুলের নেতৃত্বে ‘রাঙ্গা বাহিনী’ দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে ও ব্যবসায়ীদের ওপর হামলা, মুক্তিপণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। গত ৩১ জুলাই এ বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠিয়েছিল।

এরপর কোস্টগার্ডের বিশেষ অভিযানে গত ১২ সেপ্টেম্বর বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার ও জিম্মি চার জেলেকে উদ্ধার করা হয়। সর্বশেষ অভিযানে আজ বাহিনীর প্রধান নজরুল শেখ ধরা পড়ায় কোস্টগার্ড মনে করছে, সুন্দরবনের অন্যতম সক্রিয় এই দস্যু গোষ্ঠীটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে।

This post was viewed: 34

আরো পড়ুন