Ridge Bangla

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল বাবা-মায়েরও

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবা ও মা-ও প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার।

নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নূরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তাদের ছেলে ফরহাদ শাহ (৩০)।

স্বজনদের ভাষ্য, নূরুল আমিন ও তার ছেলে ফরহাদ গ্রামের বাড়িতে একটি মুদি দোকান পরিচালনা করতেন। সোমবার দুপুরে দোকানটির সংস্কারকাজ করছিলেন ফরহাদ। দোকানের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি লাইন গেছে।

কাজের একপর্যায়ে দোকানের চালে টিন লাগানোর সময় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন ফরহাদ। ছেলের চিৎকার শুনে তাকে উদ্ধারে এগিয়ে যান নূরুল আমিন ও ফাতেমা আক্তার। ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

স্বজনরা এ দুর্ঘটনার জন্য পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তারকে দায়ী করেছেন।

নিহত ফরহাদের মামা ফয়েজ আহমদ সাংবাদিকদের বলেন, “দোকানে কাজ করার সময় বাড়ির উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।”

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 4

আরো পড়ুন