সীমান্ত হত্যা ও সীমান্তসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সরকারকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পক্ষ থেকে কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হলে তা অবশ্যই আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তবে রাতের আঁধারে সীমান্ত এলাকায় মানুষ রেখে যাওয়ার অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ-ইন মেনে নেবে না। এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সীমান্ত হত্যা, মাদক চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত সমস্যার বিষয়ে অতীতে কঠোর অবস্থান নেওয়া হলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, সীমান্ত এলাকায় অবস্থান করা কয়েকটি পরিবারের খোঁজ নিতে তারা সেখানে গিয়েছেন। তবে যাওয়ার আগেই পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব মানুষ কীভাবে সীমান্ত এলাকায় প্রবেশ করল, সে বিষয়ে সরকারকে জবাব দিতে হবে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে সাদীপুর সীমান্তের জিরো লাইনে ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন। তবে বুধবার সকাল থেকে তাদের সেখানে আর দেখা যায়নি।