কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা। টানা দুই দিন ধরে সীমান্তে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যৌথ প্রতিরোধে কোনো অনুপ্রবেশ ঘটাতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (৮ জুন) বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভুন্দুরচর, বড়াইবাড়ি, ঝাউবাড়ি, বকবান্ধা ও খেওয়ারচর সীমান্ত এলাকায় টহল ও অবস্থান জোরদার করে বিজিবি। স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে রাতভর পাহারায় অংশ নেন। এতে পুশইনের সব চেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয়রা অভিযোগ করেন, ভারতের অভ্যন্তর থেকে কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে সীমান্তে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা হয়। একই সময়ে বিজিবিও সতর্ক অবস্থান নেয়।
বিজিবি-৩৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জানান, সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশকেও টহলে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।