চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় জীবিত উদ্ধার হওয়া সাত বছরের জান্নাতুল নাইমা ইরার মৃত্যু ঘটনার প্রধান আসামি বাবু শেখকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে হত্যার পরিকল্পনা করে আসা বাবু শেখের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান, রোববার (২ মার্চ) সকালে বাবু শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর বাসস্ট্যান্ড থেকে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান।
শিশুটি চিৎকার শুরু করলে বাবু শেখ ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন এবং মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। ভুক্তভোগী শিশুটি পরে নির্মাণাধীন সড়কের দিকে উঠলে শ্রমিকরা তাকে উদ্ধার করে থানা খবর দেয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
পুলিশ জানান, সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রযুক্তিগত সহায়তায় বাবু শেখকে শনাক্ত করা হয়। কুমিরা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত দেখানো অনুযায়ী ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।