চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় জোনাকি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৭ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।