Skip to main content

Ridge Bangla

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ সহপাঠীর

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ সহপাঠীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি বার্তা সংস্থা বাসসকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক।

নিহতরা হলেন, উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব (১৬), ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার হবি মিয়ার ছেলে রায়হান (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাকের ছেলে জয় (১৬)। তারা সবাই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, রোববার দুপুরে তিন কিশোর একটি মোটরসাইকেলে করে রাধানগর-বাউরভাগ চা বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত রায়হান ও জয়কে উদ্ধার করে প্রথমে সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রায়হানের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে সেও মারা যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বাসসকে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন