সিলেট থেকে চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, চলন্ত ট্রেনটির একটি বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি বা শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।