Skip to main content

Ridge Bangla

সিলেটে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, সারজিস আলমের গাড়ির গ্লাস ভাঙচুর

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ব্যবহৃত গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে নেতারা বের হয়ে যাওয়ার সময় চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

এনসিপির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন। তবে এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছবেদ আলী জানান, অনুষ্ঠান শেষে সারজিস আলমের গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা হলে দূর থেকে একটি ইট ছোড়া হয়। এতে তার গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মতবিনিময় সভা শেষে এনসিপির নেতারা বের হওয়ার সময় একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে চৌমুহনী এলাকায় গাড়িবহর পৌঁছালে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম দাবি করেন, গোলাপগঞ্জে তাদের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি দাবি করেন, সিলেটের পাঁচ মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায়ও তাদের ওপর হামলা হয়েছে। একই পোস্টে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে মন্তব্য করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতেও হামলার ঘটনা ঘটে। পরদিন মৌলভীবাজারে পুলিশের বাধার পর দলটির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। পরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় স্থানীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

This post was viewed: 6

আরো পড়ুন