Skip to main content

Ridge Bangla

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে পূর্বাঞ্চলকে সংযুক্তকারী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (২৫ জুলাই) দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সির তথ্যমতে, আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় বাস দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে ছিলেন সাধারণ যাত্রীরা। দুর্ঘটনার পর উদ্ধারকাজে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর যে ব্যাপক ক্ষতি হয়েছে, এই সড়কের পরিস্থিতি তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদানবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় ২ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর একটি হলো সড়ক দুর্ঘটনা।

This post was viewed: 11

আরো পড়ুন