মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বসতবাড়ি থেকে ছোট-বড় ৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশের শেখরনগর তদন্ত কেন্দ্রের একটি দল।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শেখরনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আক্কাস আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নয়ানগর এলাকায় অভিযান চালান। এ সময় রাম প্রসাদ বাড়ৈর নিজ বসতবাড়িতে রোপণ করা ৫টি ছোট-বড় গাঁজা গাছ পাওয়া যায়। পরে গাছগুলো উদ্ধার এবং তাকে আটক করা হয়।
গ্রেফতার রাম প্রসাদ বাড়ৈ নয়ানগর গ্রামের মৃত সন্তোষ বাড়ৈর ছেলে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।