Ridge Bangla

সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীর চাপ, দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে যাত্রী ভিড় বেড়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু পরিবহন কর্মী দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ মার্চ) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়সহ মহাসড়কের বিভিন্ন স্থানে ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। দূরপাল্লার বাস, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাকে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, সিটপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এমনকি দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের কাছ থেকেও ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে। এছাড়া পিকআপ ও ট্রাকে জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের আগে বাড়ি আসার সময়ও বেশি ভাড়া দিতে হয়েছে। তবে ফেরার পথে তা আরও বেড়েছে। এতে কর্মস্থলে ফিরতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এদিকে, যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, যাত্রীর চাপ বেড়েছে ঠিকই, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। সেতু এলাকায় ছোটখাটো দুর্ঘটনার কারণে সকাল পর্যন্ত কিছুটা ধীরগতি থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন