সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে র্যাব-১২। এ ঘটনায় ট্রাকচালক ইসমাইল হোসেন (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার গভীর রাতে যমুনা সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১২’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসানো হয়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক সিগন্যালে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাক থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার ইসমাইল হোসেন দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন। উত্তরাঞ্চল থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।