Skip to main content

Ridge Bangla

সিরাজগঞ্জে সন্ত্রাসের অভিযোগে বিএনপির ৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং একজনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে তানভীর মাহমুদ পলাশ ঢাকা পোস্টকে বলেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে জেলা বিএনপি সরাসরি ব্যবস্থা নিতে পারে না। তাই সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি কাজিপুর উপজেলায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু রশীদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল ইসলাম, কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অপর চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত করা হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বাবলুর ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

This post was viewed: 1

আরো পড়ুন