Skip to main content

Ridge Bangla

সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ জন

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকার মাহমুদপুর ও মীরপুর মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার এবং চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়িতরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ডিজে সাউন্ড ও আলোকসজ্জার মধ্যেই সংঘর্ষ চলতে থাকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষকারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতেই তিন যুবককে গ্রেপ্তার করে। এদিকে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 48

আরো পড়ুন