সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কালিঞ্জা গ্রামে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে স্থানীয় বাসিন্দা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের বাগ্বিতণ্ডা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই ঘটনার জেরে রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা গুরুতর আহত ইলিয়াসকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ পলাতক রয়েছেন। তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।