Ridge Bangla

সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় গরু ব্যবসায়ীদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৬২) রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কাজিপুরের সোনামুখী পশুর হাটে গরু বিক্রি শেষে আব্দুর রাজ্জাকসহ চার ব্যবসায়ী সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে হাজরাহাটি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাদের পথরোধ করে। একপর্যায়ে তারা আব্দুর রাজ্জাকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলার পর ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন ইউসুফ, লিটন মিয়া ও রুহুল আমিন।

স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় রুহুল আমিন বাদী হয়ে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

This post was viewed: 4

আরো পড়ুন