সদ্য গঠিত বিএনপি সরকারের উদ্যোগে দেশের ছয়টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই সিদ্ধান্তকে জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সিটি করপোরেশনে দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ নৈতিকভাবে গর্হিত এবং এটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণসহ খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
বিবৃতিতে অভিযোগ করা হয়, সদ্য দায়িত্ব নেওয়া সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল জনগণের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতেও জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব প্রদান করা হবে এমন আশাবাদ তৈরি হয়েছিল।
তবে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সরকারের এই পদক্ষেপ ভবিষ্যতে আরেকটি অগণতান্ত্রিক নির্বাচনের পথ সুগম করতে পারে বলে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।