Skip to main content

Ridge Bangla

সিজেপির কর্মসূচি ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি-কংগ্রেসের পাল্টাপাল্টি অবস্থান

ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে ভারতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, সংসদে দেওয়া বক্তব্যের জন্য তার কাছে ক্ষমা দাবি করেছে ভারতীয় জনতা পার্টি।

বুধবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের দমন-পীড়নের ঘটনায় জবাবদিহি দাবি করেছেন রাহুল গান্ধী। তবে তার এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি।

রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের নৃশংস আচরণ হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ বা ধারণা পুলিশ কোথা থেকে পেয়েছে। একই সঙ্গে তিনি সংসদে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান। পরে তার বক্তব্যের একটি অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।

এদিকে রাহুল গান্ধীর ক্ষমা দাবিতে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য রাহুল গান্ধীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, রাহুল গান্ধী দাবি করছেন তিনি কোনো বিজেপি নেতার কাছে ক্ষমা চাইবেন না। অথচ কিছুদিন আগেই তিনি শিবরাজ সিং চৌহানের কাছে ক্ষমা চেয়েছেন। অতীতে আদালতের কাছেও ক্ষমা চেয়েছেন। এসব বিষয় সবার জানা।

রাহুল গান্ধী দাবি করেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে পেলেট গান ব্যবহার করা হয়েছে। এতে আহত এক শিক্ষার্থীর একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। তিনি বলেন, তিনি এইমসের চিকিৎসা সনদ দেখেছেন। শুধু সাধারণ লাঠি নয়, পেরেক লাগানো লাঠিও ব্যবহার করা হয়েছে। পুলিশ এমন পদক্ষেপের ধারণা কোথা থেকে পেল, সেটিই তার প্রশ্ন।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন, তাকে লোকসভায় কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, একাধিকবার স্পিকারকে সংসদে শৃঙ্খলা ফিরিয়ে আনার অনুরোধ করলেও বক্তব্য দেওয়ার অনুমতি পাননি।

কংগ্রেস নেতা আরও বলেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই ঘটনার জন্য দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। এরপর তাকে জানানো হয়, ক্ষমা চাইলেই কেবল কথা বলার সুযোগ দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, বিজেপি, আরএসএস বা তাদের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির কাছে তিনি কখনোই ক্ষমা চাইবেন না।

সংসদে দেওয়া ভাষণে রাহুল গান্ধী অভিযোগ করেন, পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাচ্ছিল। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুটি সম্ভাবনা থাকতে পারে। হয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, নয়তো তিনি বিষয়টি জানতেন না। প্রথম ক্ষেত্রে তিনি দায়ী, আর দ্বিতীয় ক্ষেত্রে তিনি অযোগ্য। তার মতে, এই দুই সম্ভাবনার একটিই সত্য হতে পারে।

This post was viewed: 10

আরো পড়ুন