সিঙ্গাপুর সফরে বাংলাদেশের নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দেশটির শিপিংসহ বিভিন্ন খাতে আরও দক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার (১৬ জুলাই) সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ে দেশটির পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গ্রেস ফু’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে উপদেষ্টা জানান, বাংলাদেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমি থেকে প্রতিবছর অসংখ্য দক্ষ ও প্রশিক্ষিত মেরিনার পাস করছেন, যাদের সিঙ্গাপুরের শিপিং খাতে নিয়োগ দিলে তা উভয় দেশের অর্থনীতির জন্য উপকারী হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য, সিরামিক এবং ওষুধ খাতের পণ্যের আন্তর্জাতিক চাহিদা রয়েছে। সিঙ্গাপুর এসব আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি হ্রাসে ভূমিকা রাখতে পারে।”
বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর নিয়ে আলোচনা হয়, যাতে সিঙ্গাপুর ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে বৈদেশিক বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং পুরো প্রক্রিয়াই এখন স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।
সাক্ষাতে সাখাওয়াত হোসেন বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে আন্তর্জাতিক মানের ডকইয়ার্ড/শিপইয়ার্ড স্থাপনে সিঙ্গাপুরের বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া বাংলাদেশি নাবিকদের জন্য ট্রানজিট ও ওয়ার্কিং ভিসার প্রয়োজনীয়তা এবং বন্দর ব্যবস্থাপনায় নিয়োজিত জনবলকে আধুনিক প্রশিক্ষণের সুযোগ দানে সিঙ্গাপুরের সহায়তা কামনা করেন।