দেশব্যাপী পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কর্মসূচির অগ্রগতি এবং ধাপে ধাপে সারাদেশে এর বিস্তারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে এ কর্মসূচির সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি গ্রহণযোগ্য ও নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে।
তিনি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও নির্দেশ দেন।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আবদুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।