Ridge Bangla

সারাদেশে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করতে দেশের এক লাখ ৫০ হাজারেরও বেশি পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। বর্তমানে বাংলাদেশ পুলিশের ১৩০টি ছোট এবং চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই ধাপে ধাপে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

ইতোমধ্যে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দফতরে নির্বাচনী পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ মডিউলে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আরও ১ হাজার ২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) তৈরি করা হবে। তারাই মাঠ পর্যায়ে গিয়ে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করবেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্বাচনী দায়িত্ব পালনের সময় সম্ভাব্য সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের বাস্তবমুখী মহড়া ও কার্যকরী প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশা করছেন, এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পুলিশের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াবে এবং আগামী জাতীয় নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বড় ভূমিকা রাখবে।

This post was viewed: 41

আরো পড়ুন