Ridge Bangla

সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন উভয় পক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আশা প্রকাশ করেছে, এ সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা-সংক্রান্ত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে।

This post was viewed: 1

আরো পড়ুন