Skip to main content

Ridge Bangla

সাভারে কৃষিজমিতে কাজের সময় বজ্রাঘাতে ৩ কৃষকের মৃত্যু

ঢাকার সাভারে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সাভারের বলিয়াপুর এলাকার বাসিন্দা দ্বীন ইসলাম (৪৫) এবং রংপুরের বাসিন্দা দুলাল (৬০)। দুলাল দীর্ঘদিন ধরে সাভারের হেমায়েতপুর এলাকায় বসবাস করছিলেন এবং কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল থেকে ওই মাঠে ১০ থেকে ১২ জন কৃষি শ্রমিক কাজ করছিলেন। বিকেল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হয়।

এ সময় বজ্রাঘাতে ৩ জন মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক ইমরান হোসেন জানান, বিকেলে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এ ঘটনায় নিহতের সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

This post was viewed: 10

আরো পড়ুন