রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় গুম হওয়ার পর আজকের এই দিনেই মুক্তি পেয়েছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। টানা চার দিন গুম থাকার পর তিনি আবারও রাজপথে ফিরে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।
এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের ফলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর সংসদ বিলুপ্তি এবং অন্তর্বর্তী সরকার গঠনসহ বিভিন্ন সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন মো. সাহাবুদ্দিন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তার পদত্যাগ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছিল।