দেশজুড়ে মৌসুমি বায়ুর সক্রিয়তায় আবারও শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা। দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসটি ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর ছিল।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতির কারণে দেশের সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে তা দেশের অন্যান্য অংশেও বিস্তার লাভ করতে পারে।