Ridge Bangla

সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন সময়ে অভিযানে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। একই সময়ে ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়, যার মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, এলএসডি, ক্রিস্টাল মেথ (আইস), আফিম তৈরির কেমিক্যালসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজসহ পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 1

আরো পড়ুন