Skip to main content

Ridge Bangla

সাতক্ষীরায় ৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকা।

দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ কম্পন টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। সাতক্ষীরায় শক্ত ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নামাজ আদায়ের সময় মসজিদে থাকা অনেক মুসল্লি আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। ঢাকা ছাড়াও খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হলো। এর আগে বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পের প্রভাব ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পনের মধ্য দিয়ে মাসের ভূমিকম্পের ধারাবাহিকতা শুরু হয়।

৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার কম্পন অনুভূত হয়। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার একটি এবং মিয়ানমারে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প ছিল। এ ছাড়া ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুইবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। সব মিলিয়ে ফেব্রুয়ারির প্রথম ২৬ দিনেই আটবার কেঁপেছে দেশ।

This post was viewed: 39

আরো পড়ুন