Skip to main content

Ridge Bangla

সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, আটক ৩ জন

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।

সূত্র জানায়, বিএনপির ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন ও মনোনয়নবঞ্চিত নেতা ডা. মো. শহিদুল আলমের সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ থেকে কাজী আলাউদ্দিনের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সমাবেশে পরিণত হয়। একই সময়ে শহিদুল আলমপন্থীরা কালিগঞ্জ ব্রিজের পাশে কালো পতাকা মিছিল বের করেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

দুই পক্ষের মিছিল কাছাকাছি এলে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধা দিলে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একদল ব্যক্তি লাঠিসোঁটা, গুলতি, লোহার বল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল।

অভিযানে বাটরা গ্রামের মামুন, নওয়াপাড়ার শামীম, কাশীবাটির আব্দুল মান্নান ও পূর্ব নারায়ণপুরের শুভঙ্কর কুমার ঘোষকে আটক করা হয়। পরে শামীম এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত সেনা টহল জোরদার করা হয়েছে।

This post was viewed: 49

আরো পড়ুন