সাতক্ষীরা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে মাছগুলো ধ্বংস করা হয়।
রোববার রাতে শহরের সঙ্গীতা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ঢাকাগামী পরিবহনে করে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সঙ্গীতা মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
পরে জব্দ করা মাছগুলো জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন আরও বলেন, খাদ্যে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলি বা অন্য কোনো ক্ষতিকর পদার্থ পুশ করে মাছের ওজন বাড়ানো সম্পূর্ণ অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
তিনি জানান, খাদ্যে ভেজাল ও প্রতারণার সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।