রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভুলবশত চাপাতার পরিবর্তে বিষাক্ত কীটনাশক দিয়ে চা তৈরি করায় তা পান করে অন্তত ১২ জন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাজেকের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, জুমের কাজ শেষে কয়েকজন শ্রমিক চম্পাতলী গ্রামের একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানের কর্মচারী ভুলক্রমে চাপাতার পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত ‘ফুরাডন’ নামের একটি বিষাক্ত কীটনাশক দিয়ে চা তৈরি করেন।
চা পান করার কিছু সময়ের মধ্যেই কয়েকজনের বমি, মাথা ঘোরা, পেটব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থদের মধ্যে প্রাথমিকভাবে সমরজিৎ চাকমা, রাঙ্গা চাকমা ও ছায়ারাণী চাকমার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।