বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকাডুবির ঘটনায় ৭ আরোহীর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে একজন পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত অভিযান চলছে।
শনিবার (২৫ জুলাই) ৩৮ বিজিবির অধিনায়ক, বলিপাড়া ব্যাটালিয়ন, লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে তীব্র স্রোতের মধ্যে ৭ আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। ঘটনাস্থলটি বলিপাড়া ব্যাটালিয়নের অধীন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায়।
ঘটনার পর রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৪ পর্যটক, নৌকার মাঝি এবং টুরিস্ট গাইডসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করে। তবে একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের বাসিন্দা। তার বাবা মো. হেলাল উদ্দিন এবং মা মোছা. দেলোয়ারা আক্তার।
বিজিবি জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে তাদের ৪টি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করছে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, টুরিস্ট গাইড এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন।
উদ্ধার তৎপরতা জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে অভিযানে যুক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে অনুসন্ধান চালানো সম্ভব হয়নি। এ কারণে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান শুরু হবে।
বিজিবি জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে অভিযান চালানো হচ্ছে।