সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ছয় মাস সময় দিয়েছে হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে পারেননি। আদালতকে জানানো হয়, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে আরও সময় প্রয়োজন। রাষ্ট্রপক্ষের পক্ষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় লাগবে। তিনি দীর্ঘ ১৩ বছরেও মামলার চার্জশিট দাখিল না হওয়াকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে আদালতে তলবের আবেদন জানান এবং তিন মাস সময় নির্ধারণের অনুরোধ করেন। তবে শুনানি শেষে আদালত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শেষবারের মতো ছয় মাস সময় বেধে দেন।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলার তদন্তে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এবং ছয় মাস সময় নির্ধারণ করেন। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের এই টাস্কফোর্স বর্তমানে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার তদন্তে পূর্বে র্যাব ১২ বছরে ১১২ বার সময় নিয়েছিল।