বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে ১০ দফা বিশেষ নির্দেশনা।
বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনার চিঠি ইতোমধ্যে দেশের সব বিমানবন্দরের প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া প্রয়োজন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরগুলোতে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সন্দেহজনক ই-মেইল বা লিংক খোলা থেকে বিরত থাকার পাশাপাশি সব সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালুর ওপরও জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো ধরনের সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সমস্যা বা অস্বাভাবিকতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, সংশ্লিষ্ট আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বেবিচক জানিয়েছে, বিমানবন্দর নিরাপত্তার ক্ষেত্রে সাইবার প্রতিরক্ষা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে শারীরিক নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিগত সুরক্ষা জোরদার করা হচ্ছে।