Skip to main content

Ridge Bangla

সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, ৫৩২ টাই ও দামি রোলেক্স ঘড়িসহ বিপুল সামগ্রী উদ্ধার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী ও মূল্যবান ব্র্যান্ডের পণ্য উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে রোববার (১৯ জুলাই) শুরু হওয়া এ অভিযানে ফ্ল্যাটের মালামালের ইনভেন্টরি তৈরির কাজও শুরু হয়েছে।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই এবং প্রায় ১০০টি কামিজ। এছাড়া ৩ সেট মুক্তার গয়না, ৮টি ঘড়ির বক্স, যার মধ্যে ৪টি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, ৪টি ঝাড়বাতি এবং বিভিন্ন আসবাবপত্র পাওয়া গেছে।

দুদকের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর ক্রয়সংক্রান্ত নথিতে প্রতিটির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে উল্লেখ রয়েছে।

আদালতের নির্দেশে সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দুদকের পরিচালককে (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) রিসিভার হিসেবে দেওয়া হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুদক জানিয়েছে, ইনভেন্টরির কাজ ব্যাপক হওয়ায় রোববার শুরু হওয়া কার্যক্রম সোমবারও অব্যাহত থাকবে।

ক্ষমতার পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান জোরদার করে দুদক। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আদালত যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন। এছাড়া ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ ৮টি দেশে থাকা তার বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও বিনিয়োগ জব্দের আদেশ দেওয়া হয়। আদালতের তথ্য অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

This post was viewed: 11

আরো পড়ুন