সাংবাদিকদের মূল দায়িত্ব তথ্য তুলে ধরা, কোনো পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, সরকারের সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর সাংবাদিকতা সম্ভব নয়।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক এ আলোচনায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং সংবাদকর্মীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
সভায় জহির উদ্দীন স্বপন বলেন, ‘সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা আমার জানা নেই।’
সাংবাদিকতা ও সক্রিয়তাবাদের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘আমিও মনে করি, সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না। সাংবাদিকদের কাজ তথ্য দেওয়া।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকতার কোনও বর্ডার থাকতে পারে না।’ তাঁর মতে, সাংবাদিকতার পরিসর কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকতে পারে না।