Skip to main content

Ridge Bangla

সহজ ও দ্রুত সেবা নিশ্চিতে ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন

বাংলাদেশে নেদারল্যান্ডস ভিসা সেবায় যুক্ত হলো নতুন মাত্রা। সোমবার (৩ নভেম্বর) ঢাকার বনানীতে আধুনিক নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল। নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবালের উদ্যোগে গড়ে তোলা এ কেন্দ্রের মাধ্যমে এখন থেকে বাংলাদেশি নাগরিকরা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ভিসা আবেদন করতে পারবেন।

আধুনিক ভিসা সেন্টারে বাংলাদেশের নাগরিকরা স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি) ও ক্যারিবীয় অঞ্চলে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীরা অনলাইনে সময় নির্ধারণ করে এই নতুন কেন্দ্রে আবেদন জমা দিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল বলেন, “এই উদ্যোগ নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের প্রতিফলন। বাংলাদেশ আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষত ব্যবসা, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে।” তিনি আরও যোগ করেন, নতুন এ কেন্দ্র ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর এবং আরামদায়ক সেবা প্রদান করবে।

ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান, উন্নত প্রযুক্তি ও গ্রাহকসেবা ব্যবস্থার মাধ্যমে নতুন কেন্দ্রটি আবেদনকারীদের জন্য নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীরা কুরিয়ার ডেলিভারি ও এসএমএস নোটিফিকেশনের মতো অতিরিক্ত সেবা নিতে পারবেন। তবে এসব সেবা ভিসা সিদ্ধান্ত বা প্রক্রিয়ার সময়কে প্রভাবিত করবে না।

ভিসা সংক্রান্ত প্রশাসনিক ও বায়োমেট্রিক কাজ পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল, তবে ভিসা অনুমোদনের সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত বোরাক মেহনুর ভবনের সপ্তম তলায় (৫১/বি, লেভেল ৭, ঢাকা–১২১৩) নতুন কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীরা নির্ধারিত সময় অনুযায়ী এসে ভিসা আবেদন জমা দিতে পারবেন এবং সকল সুবিধা উপভোগ করতে পারবেন।

This post was viewed: 53

আরো পড়ুন